সিলেটে ২ হাজার ৭০৬ ঈদ জামাত, প্রধান জামাত সকাল ৮টায় শাহী ঈদগাহে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৮ মে) সিলেট নগরী ও জেলার বিভিন্ন স্থানে ব্যাপক আয়োজনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে সিলেটের প্রধান ঈদ জামাত।

জানা গেছে, প্রধান জামাতের আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। জামাতে ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

নগরের দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।

সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। আয়োজকরা জানিয়েছেন, এখানে নারী ও শিশুদের জন্য পৃথক প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে নগরের কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায়। এসব জামাতে যথাক্রমে ইমামতি করবেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, হাফেজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ এবং হাফেজ মাওলানা হোসাইন আহমদ।

এছাড়া কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে সকাল ৬টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম। শাহপরান (রহ.) মাজার মসজিদে সকাল ৮টায় এবং কালিঘাটস্থ হযরত শাহচট (রহ.) জামে মসজিদে সকাল সাড়ে ৬টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার সিলেট নগর ও জেলায় মোট ২ হাজার ৭০৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে নগর এলাকায় ৩৯৬টি জামাত অনুষ্ঠিত হবে।

মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে নগর ও জেলার গুরুত্বপূর্ণ ঈদগাহ এবং মসজিদগুলোতে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬