
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে প্রথম প্রস্তুতি অনুশীলনে নেইমারকে ছাড়াই মাঠে নেমেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। ডান পায়ের কাফের চোটে ভুগছেন এই তারকা ফরোয়ার্ড। তার শারীরিক অবস্থা আরও নির্ভুলভাবে মূল্যায়নের জন্য অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার নিজে নেইমারকে একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে তার এমআরআই স্ক্যান করা হয়। গত ১৭ মে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি।
যদিও রিও ডি জেনিরোর তেরেসোপোলিসে ব্রাজিল দলের ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছেন নেইমার, তবে তার চূড়ান্ত মেডিক্যাল রিপোর্ট এখনো পাওয়া যায়নি। এ অবস্থায় আগামী রোববার পানামার বিপক্ষে ব্রাজিলের প্রথম প্রস্তুতি ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে। ব্রাজিলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ জুন, মিশরের বিপক্ষে।
তবে নিজের চোট নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। মঙ্গলবার সান্তোসের একটি ম্যাচ দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করেন, “কীসের সমস্যা?”
এদিকে নতুন কোচ কার্লো আনচেলোত্তির অধীনে প্রথম অনুশীলনে নেইমার ছাড়াও অনুপস্থিত ছিলেন রাইট-ব্যাক দানিলো। আগের রাতে কোপা লিবার্তাদোরেসের ম্যাচ খেলায় তিনি অনুশীলনে যোগ দিতে পারেননি।
এ ছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সামনে থাকায় পিএসজির অধিনায়ক মার্কিনহোস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালায়েস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আগামী শনিবারের পর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ প্রস্তুতি অভিযান শুরু করবে।