কোরবানি হচ্ছে না আলোচিত  ‘ডোনাল্ড ট্রাম্প’, টাকা ফেরত দিয়ে খামারে ফিরিয়ে নেওয়া হলো

কোরবানি হচ্ছে না আলোচিত  ‘ডোনাল্ড ট্রাম্প’, টাকা ফেরত দিয়ে খামারে ফিরিয়ে নেওয়া হলো

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি পুনরায় খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহিষটিকে ঘিরে জনসাধারণের ব্যাপক আগ্রহ এবং সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দেওয়া হয়েছে। আপাতত মহিষটি খামারেই লালন-পালন করা হবে।

জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা এলাকার ইসলামপুর থেকে মহিষটিকে কেরানীগঞ্জ থানায় নিয়ে যেতে দেখা যায়। এর আগে বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা সেখানে গিয়ে মহিষটির মালিক মনিরুজ্জামানের সঙ্গে কথা বলেন।

এর আগে বিশ্বজুড়ে আলোচিত এই মহিষটিকে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানিয়েছিল নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্ম। সন্ধ্যায় ক্রেতা মহিষটি নিতে এলে লাল গালিচা সংবর্ধনা, রঙিন স্মোক শো এবং বিশেষ সাজসজ্জার মাধ্যমে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফার্মের কর্মীরা দুপুর থেকেই মহিষটিকে গোসল করিয়ে প্রস্তুত করেন। পরে রাজকীয় পোশাক পরিয়ে লাল গালিচা দিয়ে হাঁটিয়ে বিদায় জানানো হয়। এ সময় উপস্থিত মালিকপক্ষ ও কর্মচারীদের অনেককেই আবেগাপ্লুত হতে দেখা যায়।

অ্যালবিনো জাতের এই মহিষটির সাদা রঙ, চুলের গঠন ও চোখের বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ট্রাম্প’। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

ঈদুল আজহাকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। শেষ পর্যন্ত সেই জনপ্রিয়তাই মহিষটির কোরবানি না হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়াল।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬