শাহী ঈদগাহে লাখো মুসল্লির ঈদ জামাত, ফিলিস্তিনসহ নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত

শাহী ঈদগাহে লাখো মুসল্লির ঈদ জামাত, ফিলিস্তিনসহ নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত

 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রতিবারের মতো এবারও প্রায় লাখো মুসল্লির উপস্থিতিতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সকাল ৬টা থেকেই মুসল্লিরা শাহী ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠ ছাড়িয়ে মুসল্লিদের কাতার উত্তর, দক্ষিণ ও পূর্ব পাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়।

নামাজের আগে বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। প্রধান জামাতে ইমামতি করেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

নামাজ শেষে অনুষ্ঠিত মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা, মুক্তি ও কল্যাণ কামনা করা হয়। এ সময় অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে দোয়ায় অংশ নিতে দেখা যায়।

ঈদের প্রধান এ জামাতে অংশ নেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জামাত শেষে মুসল্লিরা একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

ঈদ জামাতকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শাহী ঈদগাহ এলাকা চার স্তরের নিরাপত্তা বলয়ের আওতায় রাখা হয়। দায়িত্ব পালন করেন সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মোবাইল টিম, ট্রাফিক পুলিশ, ড্রোন নজরদারি ইউনিট এবং রুফটপ টিম। মহানগর ও জেলার অন্যান্য এলাকাতেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর সিলেট জেলা ও মহানগরে মোট ২ হাজার ৭০৬টি ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মহানগরে ৩৯৬টি এবং জেলায় ২ হাজার ৩১০টি জামাত অনুষ্ঠিত হয়। মহানগরের ৩২৫টি মসজিদ ও ৭১টি ঈদগাহে এবং জেলার ১ হাজার ৯৯০টি মসজিদ ও ৩২০টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬