
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের বিভিন্ন স্থান জুড়ে সোমবার (১ জুন) এলোপাথাড়ি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে।
দেশটির পুলিশ জানিয়েছে, আইওয়া অঙ্গরাজ্যের মাস্কাটিন শহরের দুইটি বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে ধারাবাহিক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এক বিবৃতিতে মাস্কাটিন পুলিশ বিভাগ বলেছে, স্থানীয় সময় সোমবার দুপুর আনুমানিক ১২টা ১২ মিনিটে শহরের পার্ক অ্যাভিনিউয়ের একটি বাড়িতে গুলির ঘটনার খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
সেখানে পৌঁছে পুলিশ ও জরুরি সেবাকর্মীরা বাড়ির ভেতরে গুলিবিদ্ধ চারজনকে খুঁজে পান। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করার চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়।
তদন্তকারীরা হামলার সন্দেহভাজন হিসেবে ৫২ বছর বয়সী রায়ান উইলিস ম্যাকফারল্যান্ডকে চিহ্নিত করেছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়, প্রথম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রায়ান সেখান থেকে পালিয়ে যায়।
এর কিছুক্ষণ পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একটি পথচারী সেতুর কাছে রায়ানকে গুরুতর আহত অবস্থায় খুঁজে পান। তার শরীরে আত্মহত্যার উদ্দেশ্যে করা গুলির আঘাত ছিল। পুলিশ ও প্যারামেডিকরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
পরবর্তী সময়ে গোয়েন্দারা আরও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। তাদের একজনকে মিল স্ট্রিটের একটি বাসভবনে এবং অন্যজনকে গ্র্যান্ডভিউ অ্যাভিনিউয়ের একটি ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়া যায়। উভয়েরই মৃত্যু গুলিবিদ্ধ হওয়ার কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহত সবাই সন্দেহভাজন হামলাকারীর পরিবারের সদস্য ছিলেন। ফলে ঘটনাটি একটি পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হয়েছে বলে মনে করা হচ্ছে। কর্তৃপক্ষ এখনো নিহতদের নাম বা বয়স প্রকাশ করেনি।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রায়ানের বিরুদ্ধে অতীতেও অপরাধমূলক রেকর্ড ছিল, তবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হামলার পূর্ণ বিবরণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে