
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় ফার্মে উৎপাদিত মাগুর মাছে রং মিশিয়ে দেশি হিসেবে বিক্রির চেষ্টাকালে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ। সেই সাথে রং মিশ্রিত জব্দ করা প্রায় সাড়ে ৮ কেজি মাগুর মাছ গর্ত করে মাটির নিচে চাপা দেয়া হয়।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর এর নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামানের একটি টিম অভিযান পরিচালনা করে রায়হান মিয়া নামের এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করেন।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘বিষাক্ত রং মিশিয়ে ফার্মে উৎপাদিত মাগুর মাছ বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে আমরা অভিযান চালাই। অভিযানে আমরা অভিযোগের সত্যতা পাই। পরে রায়হান মিয়া নামের ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত মাছ গর্ত করে মাটির নিচে চাপা দেয়া হয়। এমন প্রতারণা যাতে ভবিষ্যতে না করা হয় এজন্য ওই মাছ ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান চলবে।’