সিলেটে ট্রাফিক সিগনালে অন্যরকম মিষ্টিমুখ!

সিলেট মহানগরীতে যানবাহনের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও গাড়ির ফিটনেস সঠিক থাকলেই চালকদের মিষ্টিমুখ করাচ্ছেন শিক্ষার্থীরা। ট্রাফিক আইন মেনে চলতে সাধারণ মানুষকে উৎসাহিত করতে সিলেট মহানগর ট্রাফিক পুলিশের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে এই ব্যতিক্রমী ও প্রশংসনীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন সিলেট পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, মদনমোহন কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বাড়াতে সিলেটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘ট্রাফিক সপ্তাহ-২০২৬’। আজ রবিবার (১৪ জুন) সকালে সিলেট মহানগর পুলিশ লাইন্সে উদ্বোধনী অনুষ্ঠান এবং পরে নগরীতে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। আগামী ২০ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সিলেট মহানগরীতে এই ট্রাফিক সপ্তাহ পালন করা হবে।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) জানিয়েছে, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সচেতনতার পাশাপাশি নগরীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারী বিভিন্ন যানবাহনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথম দিনের অভিযানে আইন অমান্য করায় বেশ কিছু যানবাহন রেকার করা হয়েছে এবং যেসব চালক বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ্ত রায়ের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী এবং অতিরিক্ত কমিশনার এনামুল হক। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের পাশাপাশি পথচারীদেরও সচেতন হওয়ার আহ্বান জানান। তারা পথচারীদের ফুটপাত ব্যবহার করা, ফুটপাত না থাকলে রাস্তার ডান প্রান্ত দিয়ে সতর্কতার সাথে চলাচল, রাস্তা পারাপারের সময় ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার এবং চলন্ত যানবাহনে ওঠা-নামা থেকে বিরত থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, “আজকের কর্মসূচিতে প্রথাগতভাবে কোনো জায়গায় ফুল বিতরণ করা হয়নি। তবে যারা ট্রাফিক আইন শতভাগ মেনে চলেছেন এবং বৈধ কাগজপত্র সাথে রেখেছেন, তাদের উৎসাহ দিতে মিষ্টিমুখ করানো হয়েছে।”

র‌্যালির বিষয়ে তিনি বলেন, “আজকের সচেতনতামূলক র‌্যালিতে পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় ও মদনমোহন কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুলের স্কাউট সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।”

অভিযান প্রসঙ্গে এডিসি মনজুরুল আলম আরও জানান, “প্রথম দিনের অভিযানের চূড়ান্ত পরিসংখ্যান এখনো প্রক্রিয়াধীন। তবে যেসব ত্রুটিপূর্ণ যানবাহন আটক করা হয়েছে, সেগুলো রেকার করা হয়েছে এবং বৈধ কাগজপত্রহীন চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কতগুলো যানবাহনের বিরুদ্ধে মোট মামলা বা জরিমানা করা হয়েছে, তা পরবর্তীতে হিসাব কষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

এদিকে ট্রাফিক পুলিশের এই ব্যতিক্রমী ও আন্তরিক কার্যক্রম সিলেট নগরবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সচেতন মহলের মতে, শাস্তি বা জরিমানার পাশাপাশি আইন মান্যকারীদের এভাবে পুরস্কৃত ও মিষ্টিমুখ করানোর উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন মানার প্রবণতা ও সচেতনতা অনেক গুণ বাড়িয়ে দেবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৬
  • ৪:৩২
  • ৬:৪৪
  • ৮:১০
  • ৫:০৪