
জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে শাহাদতবরণকারী দৈনিক নয়া দিগন্তের তৎকালীন সিলেট ব্যুরো প্রধান আবু তাহের মো: তুরাবের নামে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’—এর জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেস ক্লাব।
ক্লাবের আগ্রহী সাংবাদিকদের প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত কিংবা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত চব্বিশের গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট গভীরতাধর্মী প্রতিবেদন বা ফটো আগামী ৩০ জুনের মধ্যে ক্লাবের সাধারণ সম্পাদক বরাবরে জমা দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। মনোনীত সাংবাদিককে ক্রেস্ট ও সম্মানী দেয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের তৎকালীন সিলেট ব্যুরো প্রধান আবু তাহের মো: তুরাব (এটিএম তুরাব)। তার স্মৃতি রক্ষার্থে সিলেট প্রেস ক্লাব সাংবাদিক ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ প্রবর্তন করেছে।
সিলট/হা