এমবাপ্পের গতির ঝড় শেষে মেসির একক শো!

লিওনেল মেসি গোল করলে সেই গোলের জবাব আসে কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে! কখনো পেনাল্টির জবাব হয় পেনাল্টিতে। গেল আট বছর ধরে বিশ্বকাপে দুই কিংবদন্তির লড়াই তো এভাবেই চলছে। ২০২২ কাতার বিশ্বকাপের স্মৃতি জাগিয়ে তুলুন। ফাইনালে কি ম্যাচটাই হলো। মেসি গোল করে, গোল করিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন, কাউন্টার এ্যাটাকে এমবাপ্পে নামের এক গতিদানব সেইসব গোল শোধ করে বারবার ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন ফ্রান্সকে। মেসির গোল করলেন একটি, এমবাপ্পে হ্যাটট্রিক করে কাতার বিশ্বকাপ ফাইনালের সব আলো কেড়ে নিলেন। টাইব্রেকার নামক ভাগ্যের কাছে হেরে টানা দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরা হয়নি ফ্রান্স মহাতারকার। মেসি জিতলেন তাঁর প্রথম বিশ্বকাপ শিরোপা।

২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালও দুজনের এমনই এক মহাকাব্যিক ম্যাচের গল্প। আট বছরের যে ধারাবাহিকতা তাতে ২০২৬ বিশ্বকাপ বাদ যাবে কেন। মেসি, এমবাপ্পেকে খেলতে না দিলে, দুজনকে গোলের সমীকরণে দাঁড় না করালে সেটা আবার বিশ্বকাপ হয় কি করে! যুক্তরাষ্ট্র তাই এক দিনেই দুই তারকাকে খেলতে দিল নিজেদের মতো করে। তাতে লিওনেল মেসির গোল তিনটি, কিলিয়ান এমবাপ্পের দুটি! পার্থক্যটা কেবল এতদিন মুখোমুখি লড়াইয়ে দুজনের গোলের প্রতিযোগিতা দেখেছে বিশ্ব, কাল দেখলো আলাদা দুই লড়াইয়ে।

নিশ্চিতভাবেই বলা যায় এই বিশ্বকাপই লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। ৩৭ বছরে দাঁড়িয়ে আর্জেন্টাইন জাদুকর। এই বয়সে মাঠে নামাই যেখানে কঠিন এক কাজ সেখানে বিশ্বকাপের প্রথম ম্যাচটাই রাঙালেন অতিমানবীয় নৈপুন্যে। আর্জেন্টিনা- আলজেরিয়া ২২ জনের ম্যাচে একক শো। যেমন খুশি তেমন খেলেছেন বর্তমান বিশ্বের সেরা ফুটবলার। মাঝমাঠে নেমে আর্জেন্টিনার দুর্বল ডিফেন্সকে সাহস যুগিয়েছেন, খেলা তৈরি করেছেন, ডিফেন্স চেরা পাসে গোলের সুযোগ করে দিয়েছেন বারবার।

সবকিছুই যখন ব্যর্থ তখন নিজেই হয়েছেন হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। আলজেরিয়ার গোলপোস্টে ফ্রান্স কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। যিনি ম্যাচের আগে মেসিকে গোল করতে না দেয়ার ঘোষণা দিয়েছিলেন! সেই লুকা ১৭ মিনিটে মেসির জাদুকরী এক শটে বনে গেলেন বোকা! দ্বিতীয়ার্ধে দেখা গেল নিজেকে ছাড়িয়ে যাওয়া অন্য এক মেসিকে। প্রথম গোলের মতোই বাঁ পায়ের সেই জাদুকরী শটে দ্বিতীয় গোল। এরপর ম্যাক এ্যালিস্টারের শট লুকা জিদান ফিরিয়ে দিলে ফিরতি শটে আবারও মেসির লক্ষ্যভেদ। ৯০ মিনিট শেষে ম্যাচের স্কোরলাইন মেসি ৩- আলজেরিয়া ০! মেসি তিন গোল করে বিশ্বকে চমকে দিবেন আর এমবাপ্পে কি বসে থাকবেন!

গত দুই বিশ্বকাপে বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলারের লড়াই দেখেছে পৃথিবী। এবার ছয় ঘন্টার ব্যবধানে আলাদা দুই ম্যাচে জ্বললেন দুজন। সেনেগালের বিপক্ষে প্রথমার্ধটা ফ্রান্সের জন্য ছিল অগ্নিপরীক্ষা। ২০ মিনিটের মধ্যেই নিশ্চিত দুটি গোল থেকে বঞ্চিত হয় সেনেগাল। এরপর ঘুরে দাঁড়ায় ফ্রান্স। এমবাপ্পের গতির ঝড় ব্যবধান গড়ে দেয় ম্যাচে। নিজের দুই গোলের প্রথমটি পেনাল্টি থেকে আর পরেরটি বক্সের বেশ বাইরে থেকে মনে রাখার মতে এক শটে। মেসিতে আর্জেন্টিনা, এমবাপ্পেয় ফ্রান্সের উড়ন্ত সূচনা। কে জানে ২০২৬ বিশ্বকাপের সেমি অথবা ফাইনালে আবার দেখা হয়ে যেতে পারে মেসি- এমবাপ্পের!

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৬
  • ৪:৩২
  • ৬:৪৪
  • ৮:১০
  • ৫:০৪