
ফুটবল উন্মাদনায় সিলেটের দক্ষিণ সুরমায় প্রিয় দলের পতাকা টানাতে গিয়ে এক কিশোর আহত হয়েছে। হামিদ আহমদ (১৫) নামের ওই কিশোর বাড়ির পাশে একটি গাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। কুচাই পশ্চিমভাগে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
তিনি বলেন, সোমবার (১৫ জুন) দুপুরে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন কুচাই পশ্চিমভাগ এলাকায় হামিদ আহমদ নামের এক কিশোর বাড়ির পাশে একটি গাছে নিজের পছন্দের ফুটবল দলের পতাকা টানাতে গিয়ে কাছ দিয়ে যাওয়া সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর গুরুত্বর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে (আইসিইউতে) ভর্তি করেন। বর্তমানে ওই কিশোর ওখানে চিকিৎসাধীন রয়েছে তবে প্রয়োজন পড়লে তাকে ঢাকায় নেওয়া হতে পারে বলেও জানান তিনি।