সড়ক সংস্কারে ৮৭ লাখ টাকা ব্যয়ের বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ: শাবিপ্রবি ভিসি

সড়ক সংস্কারে ৮৭ লাখ টাকা ব্যয়ের বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ: শাবিপ্রবি ভিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরীণ সড়ক সংস্কারে ৮৭ লাখ টাকা ব্যয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খায়রুল ইসলাম। তিনি বলেন, “এই কাজটি সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী ও তার প্রশাসনের সময় বরাদ্দকৃত অর্থ দিয়ে সম্পন্ন হয়েছে।”

 

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সড়ক সংস্কারকাজে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর বলেন, “রাস্তা সংস্কারে ৮৭ লাখ টাকার যে বিষয়টি সামনে এসেছে, সেটি আমরা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছি। মূলত প্রকৌশল অধিদপ্তর থেকে এক কোটি টাকার একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল। পরে এর বিপরীতে ৮৭ লাখ টাকা বরাদ্দ দেয় সাবেক ভিসি অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী ও তার প্রশাসন।”

 

তিনি আরও বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পরপরই সড়কের দুরবস্থা নিয়ে সিলেট সিটি করপোরেশনের সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনা করেছি। ইতোমধ্যে তারা কাজ শুরু করেছে।”

 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রায় ১ হাজার ৩০০ মিটার সড়ক কয়েক হাজার ইট ও রাবিশ (ভাঙা ইট) দিয়ে সংস্কারে ৮৭ লাখ টাকা ব্যয় করা হয়েছে। অভিযোগ রয়েছে, কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই এ কাজ সম্পন্ন করা হয়েছে। তবে সংস্কারকাজের পরও শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ কমেনি।

 

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে গোলচত্বর পর্যন্ত সড়কের একপাশে রাবিশ দিয়ে মেরামতকাজ করা হয়েছে, যাতে রাস্তা ডেবে না যায়। আবার গোলচত্বর থেকে একাডেমিক ভবন ‘বি’-এর সামনে পর্যন্ত প্রায় দুই ফুট সড়ক ইট দিয়ে সম্প্রসারণ করা হয়েছে। এছাড়া প্রধান ফটক থেকে কেন্দ্রীয় মসজিদের সামনে পর্যন্ত সড়কের ভাঙা অংশ ইট দিয়ে সংস্কার করা হয়েছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, এসব কাজের জন্য প্রায় ৮৭ লাখ টাকার বেশি ব্যয় দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখায় বাজেট প্রস্তাব পাঠানো হয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে পাঁচ দফায় প্রধান ফটক থেকে শাহপরান হল পর্যন্ত সড়ক সংস্কার বাবদ ৬৯ লাখ ৮৮ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। বাকি অর্থ ধাপে ধাপে পরিশোধের প্রক্রিয়ায় রয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫