শিক্ষা-গবেষণা ও উন্নয়নে গতিশীলতার এক মাস, শাবিপ্রবি উপাচার্যের নেতৃত্বে নতুন প্রত্যাশা

শিক্ষা-গবেষণা ও উন্নয়নে গতিশীলতার এক মাস, শাবিপ্রবি উপাচার্যের নেতৃত্বে নতুন প্রত্যাশা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর এক মাস পূর্ণ করেছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। তাঁর নেতৃত্বে গত এক মাসে ক্যাম্পাসে প্রশাসনিক কার্যক্রমে গতি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত মে মাসের শেষ সপ্তাহে দায়িত্ব গ্রহণের পরপরই উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় শুরু করেন এবং শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে গুরুত্ব দেন। দায়িত্ব নেওয়ার পর ২৪ মে তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো পরিদর্শন করেন। পরে ২৬ মে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। জুন মাসে তিনি আকস্মিকভাবে হল পরিদর্শন করে আবাসন ব্যবস্থার খোঁজখবর নেন।

শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা বাড়াতে বিশ্ববিদ্যালয়ে ‘টিচিং অ্যাসিস্ট্যান্ট’ চালুর পরিকল্পনাও গ্রহণ করেছেন উপাচার্য। তাঁর মতে, এর মাধ্যমে শিক্ষার্থীদের শেখার পরিবেশ আরও উন্নত হবে।

 

একাডেমিক উন্নয়ন ও গবেষণায় গুরুত্ব

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে গত এক মাসে একাধিক কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। ৮ জুন ‘অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি এবং ১৪ জুন ‘ওবিই কারিকুলামে টিচিং-লার্নিং ও অ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এছাড়া কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মসূচি, ‘সৈয়দ মুজতবা আলীর জীবন ও সাহিত্যকর্ম’ শীর্ষক সেমিনার এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এসব কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

 

আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনা

শাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সুযোগ সম্প্রসারণেও উদ্যোগ নেওয়া হয়েছে। ৮ জুন জাপানে সম্পূর্ণ বিনা খরচে স্কলারশিপসহ শর্টটার্ম ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে। এছাড়া বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত ২৪ মে উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সাক্ষাৎ ভবিষ্যতে শিক্ষা ও গবেষণা বিনিময়ের নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

 

অবকাঠামো উন্নয়নে মাঠে উপাচার্য

ক্যাম্পাসের অবকাঠামো উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতেও সক্রিয় ভূমিকা রাখছেন উপাচার্য। দায়িত্ব গ্রহণের পর প্রধান ফটকসহ এক কিলোমিটার অভ্যন্তরীণ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ২৬ মে তিনি সরেজমিনে এসব কাজ পরিদর্শন করেন। পরে ১৭ জুন ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন।

 

অংশীজনদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় বাড়াতে শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন উপাচার্য। ২৫ মে শিক্ষক সমিতি ও সাস্টিয়ান ক্লাবের সঙ্গে মতবিনিময় করেন তিনি। ৯ জুন ডিন ও গ্রেড-১ অধ্যাপকদের সঙ্গে এবং ১০ জুন বিভাগ, ইনস্টিটিউট ও দপ্তর প্রধানদের সঙ্গে সভা করেন। ১৫ জুন সাস্ট কেন্দ্রীয় অ্যালামনাইয়ের সঙ্গেও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এছাড়া ১০ জুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কুরআন খতম, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন উপাচার্য।

 

বহিরাঙ্গন সম্পর্ক ও ক্যাম্পাস কার্যক্রম

বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক এবং সিলেট রেঞ্জের ডিআইজি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

অন্যদিকে, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আয়োজনও চলমান রয়েছে। ১৮ জুন শাবিপ্রবির স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ১৫ জুন থেকে বিসিকের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়। এছাড়া রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যে প্রশাসনিক কার্যক্রমে গতি, গবেষণা ও একাডেমিক উন্নয়ন, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে উপাচার্যের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। তাদের প্রত্যাশা, এসব উদ্যোগ শাবিপ্রবিকে আরও উন্নত ও আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে সহায়ক হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৮
  • ৪:৩৪
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:০৫