
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতে কাঠ ও কাঁঠাল আনতে গিয়ে মিক কন্দ দানী (৬০) নামের এক বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ভারতের অভ্যন্তরের একটি পাহাড়ি ছড়ার পানিতে পাথরের ফাঁকে তার মরদেহ উদ্ধার করা হয়। সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দমদমীয়া সীমান্তঘেঁষা তুরুং গ্রামের বাসিন্দা মিক কন্দ দানী বুধবার সকাল ১১টার দিকে কাঠ ও কাঁঠাল সংগ্রহের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতে যান।
সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ১২৬০ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন তুরুং ছড়ার পানিতে পাথরের ফাঁকে তার নিথর দেহ দেখতে পান তার ভাই নিখিল কন্দ। স্থানীয়দের ভাষ্য, মরদেহের মাথা ও শরীরে পাথরের আঘাতের চিহ্ন ছিল। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট সত্যতা নিশ্চিত করে ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে গুলি বা সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। মিক কন্দ দানী প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে খাসিয়াদের বাগানে শ্রমিকের কাজ করতেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান।
সিলেট/হা