যে প্রতিষ্ঠান থেকে যুগে যুগে ছড়িয়ে পড়েছে ইলম ও আমলের নূর, গড়ে উঠেছেন দ্বীনের নিবেদিতপ্রাণ খাদেম, আর প্রজ্বলিত হয়েছে জ্ঞান, আদর্শ ও আত্মশুদ্ধির দীপশিখা— সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সেই ঐতিহ্যবাহী সৈয়দপুর হোসাইনিয়া দারুল হাদিস মাদরাসা আবারও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে।

মাদরাসার আসন্ন ৫২ সালা আন্তর্জাতিক মহাসম্মেলন ও দস্তারবন্দী সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় মাদরাসার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে ফুযালা বৈঠক। বৈঠকে ২০২৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর মাদরাসার ৫০ সালা দস্তারবন্দী সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে মাদরাসার ফুযালা, আবনা ও হুফফাজদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো পরিবেশ।

সম্মেলনের সার্বিক প্রস্তুতি, অতিথি আপ্যায়ন, স্বেচ্ছাসেবক কার্যক্রম, প্রচার-প্রচারণা এবং বিভিন্ন দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সৈয়দপুর হোসাইনিয়া দারুল হাদিস মাদরাসা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি ইলম, আমল, তাকওয়া ও সুন্নাহভিত্তিক আদর্শ সমাজ গঠনের এক উজ্জ্বল বাতিঘর। এই প্রতিষ্ঠানের সুবর্ণ ৫০ বছরের পথচলা উদযাপন করতে দেশ-বিদেশের ওলামায়ে কেরাম, ফুযালা ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে আন্তর্জাতিক মহাসম্মেলন স্মরণীয় হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বৈঠকে উক্ত মাদরাসার মুহতামিম শায়খ হাফিজ মাও. সৈয়দ ফখরুল ইসলামের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেন:
উক্ত মাদরাসার শায়খুল হাদীস শায়খ সৈয়দ আব্দুর রাজ্জাক, মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা সৈয়দ মাছরুর আহমদ কাসেমী,সিনিয়র মুহাদ্দিস হাফিজ মাও. সৈয়দ ময়নুল ইসলাম, চৌধুরী বাড়ী মসজিদের ইমাম ও খতিব সৈয়দ আবু আলী,সৈয়দপুর সৈয়দিয়া সামছিয়া ফাযিজ মাদরাসার প্রিন্সিপাল অধ্যক্ষ ডক্টর সৈয়দ রেজয়ান আহমদ,জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেটের মুহতামিম শায়খ মুতিউর রহমান, শাহারপাড়া মাদারার মুহতামিম মাওলানা শাহীন আহমদ, আধুয়া মাদরাসার মুহতামিম হামীদুল হক রহমানী প্রমুখ।

বৈঠকে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে-২০২৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর শুক্রবার ও শনিবার ২ দিন ব্যাপি ৫০ সালা দস্তারবন্দীর তারিখ ঘোষণা করেন অত্র মাদরাসার মুহতামিম শায়খ সৈয়দ ফখরুল ইসলাম।

সম্মেলনের সর্বাত্মক সফলতা কামনা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *