
জৈন্তাপুরে মাধ্যমিক বিদ্যালয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ জৈন্তাপুরে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার বিষয় ছিল— “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রুহিনী রঞ্জন দে, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল এবং জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদুর রহমান। এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় চারটি দল অংশ নেয়। বিজয়ী দুই দল পরবর্তীতে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়।
চূড়ান্ত পর্বে প্রতিযোগিতায় পক্ষ ও বিপক্ষ—দুই দলই যুক্তি, তথ্য ও উপস্থাপনার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে। বিচারকদের মূল্যায়নে বিপক্ষ দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
চূড়ান্ত পর্বে পক্ষ দলের বিতার্কিকরা ছিলেন জান্নাতুল ফেরদৌস ইচ্ছে, জান্নাতুল ফেরদৌস সাবা এবং ফাইজা শমসের তুলি। অপরদিকে বিপক্ষ দলের হয়ে অংশ নেন আবু তালহা ফারহান, তানজিল তামিম এবং জেমিমা আফরিন জারা।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী বিপক্ষ দলের তানজিল তামিম।
পরে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল বিতার্কিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অতিথিরা তাঁদের বক্তব্যে এমন শিক্ষামূলক আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তাশক্তি ও নেতৃত্বগুণ বিকাশে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যবইয়ের পাশাপাশি জাতীয় দৈনিক পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান, যাতে তারা সমসাময়িক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।



