টেন্ডার ছাড়াই সরকারি গাছ বিক্রির অভিযোগ, মৌলভীবাজার বিসিক কর্মকর্তার বিরুদ্ধে প্রশ্ন

টেন্ডার ছাড়াই সরকারি গাছ বিক্রির অভিযোগ, মৌলভীবাজার বিসিক কর্মকর্তার বিরুদ্ধে প্রশ্ন

মৌলভীবাজার শহরতলীর গোমড়া এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীতে ঝড়ে পড়ে যাওয়া একটি সরকারি গাছ টেন্ডার বা নিলাম ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা বিসিক কার্যালয়ের উপব্যবস্থাপক মো. মাহমুদুল হাসানের বিরুদ্ধে সরকারি বিধি অনুসরণ না করে গাছ বিক্রির অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঝড়ে বিসিক শিল্পনগরীর ভেতরে একটি বড় গাছ ভেঙে পড়ে। পরে গাছটি অপসারণের কথা বলা হলেও সেটি বিক্রি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী রুমেল আহমদ বলেন, তিনি বিসিক শিল্পনগরী থেকে ঝড়ে পড়ে থাকা গাছের অংশ সরিয়ে নিতে দেখেছেন। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, গোমড়া এলাকার আহমদ মিয়া গাছটি কিনেছেন।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে আহমদ মিয়া বলেন, ‘আমি বিসিকের জিএমের কাছ থেকে টাকা দিয়ে গাছটি কিনেছি। গাছের আরও একটি অংশ রয়েছে, সেটিও পরে নিয়ে যাব।’

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মো. মাহমুদুল হাসান প্রথমে বলেন, গাছটি বিক্রি করা হয়নি; ঝড়ে পড়ে যাওয়ায় সরিয়ে নেওয়া হয়েছে। তবে পরে তিনি দাবি করেন, গাছটি বিসিকের মৌলভীবাজার জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক আফজাল উদ্দিন বিক্রি করেছেন।

তবে আফজাল উদ্দিন এ দাবি অস্বীকার করে বলেন, ‘গাছ বিক্রির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে বিসিক কর্তৃপক্ষই বলতে পারবে।’

সরকারি সম্পদ বিক্রির ক্ষেত্রে প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং নিলাম বা টেন্ডার প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ অনুযায়ী, ঝড়ে পড়ে যাওয়া গাছটি বিক্রির ক্ষেত্রে এসব নিয়ম মানা হয়নি।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিসিকের সিলেট ও চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক (উপসচিব) খালেদ মাহমুদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সরকারি কোনো সম্পদ বিক্রি করতে হলে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩