বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় ৪০ জন কৃষকের মধ্যে মোট ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের প্রাতিষ্ঠানিক ঋণের আওতায় আনতে এ ঋণ দেওয়া হয়।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং বড়লেখা উপজেলার তফসিলি ব্যাংকগুলোর আয়োজনে উপজেলা ভিত্তিক কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। কৃষকেরাই দেশের খাদ্য উৎপাদনের মূল দায়িত্ব পালন করছেন। ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক মূলত তাঁদের আর্থিক সহায়তা দেওয়ার কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪০ মিলিয়ন মেট্রিক টন খাদ্যের প্রয়োজন হয়। এর মধ্যে প্রায় ৩৮ মিলিয়ন মেট্রিক টন দেশে উৎপাদিত হয়। ঘাটতি পূরণে চাল, গমসহ বিভিন্ন খাদ্যপণ্য আমদানি করতে হয়। তাই দেশের খাদ্য উৎপাদন বাড়াতে কৃষকদের আরও বেশি প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া প্রয়োজন।

সুধাংশু রঞ্জন দেব বলেন, ধান, চাল, ডালসহ বিভিন্ন শস্য উৎপাদনের পাশাপাশি মৎস্য, গবাদিপশু ও প্রাণিসম্পদ খাতেও কৃষিঋণ দেওয়া হচ্ছে। কৃষি যন্ত্রপাতি কেনাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ভর্তুকি ও প্রণোদনা রয়েছে। কৃষকদের সহজে কৃষিঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করছে।

কৃষকদের উদ্দেশে তিনি বলেন, হঠাৎ করে ব্যাংকে গিয়ে ঋণ চাওয়ার পরিবর্তে অন্তত পাঁচ-ছয় মাস আগে থেকেই কৃষি প্রকল্পের পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা ব্যাংকের সঙ্গে শেয়ার করলে ঋণ পাওয়া সহজ হবে। পাশাপাশি উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে জমি ও পুকুরের উপযোগিতা অনুযায়ী প্রকল্প গ্রহণের পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, হাঁস-মুরগি পালন, ছাগল ও গবাদিপশু পালন কিংবা পুকুরে মাছ চাষের মতো উদ্যোগের মাধ্যমে কৃষকেরা নিজেরাই উদ্যোক্তা হতে পারেন। তবে আয় করার পাশাপাশি সঞ্চয়ের অভ্যাসও গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব। স্বাগত বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক মো. শহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাচ্-বাংলা ব্যাংকের কমপ্লায়েন্স ম্যানেজার নাদিরা আক্তার।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফিজ কারী সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজার মো. কয়েছ সামী, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সবুর, বড়লেখা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক রেজাউল ইসলাম মিন্টু এবং বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব।

কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন সুমন এগ্রো ফার্মের প্রোপ্রাইটর সুমন দেবনাথ, প্রান্তিক কৃষক মঈন উদ্দিন, রাজা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী বদরুল হক এবং বড়লেখা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী শাহজাহান সৌরভ।

পরে ৪০ জন কৃষকের মধ্যে মোট ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়।

 

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬