যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে গুলিবিদ্ধ হয়ে মাছুম আহমদ (৪০) নামে সিলেটের বিশ্বনাথের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পূর্ব লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর মৃৃত্যুর খবর মঙ্গলবার সকালে দেশে পৌঁছালে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নিহত মাছুম আহমদ বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। ছোটবেলা থেকেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছিলেন। তাঁর এক কন্যাসন্তান রয়েছে।
নিহতের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া জানান, সোমবার স্থানীয় সময় রাত চারটার দিকে তাঁদের বাসায় পুলিশ আসে। দরজা খোলার পর পুলিশ জানতে চায়, এটি মাছুম আহমদের বাসা কি না। পরে মাছুমের ছবি দেখতে চায় পুলিশ। ছবি দেখানোর পর পুলিশ জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
মানিক মিয়া বলেন, ‘কী কারণে আমার ভাইকে গুলি করা হয়েছে, তা এখনো জানতে পারিনি।’ মাছুমের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
নিহতের বাবা আমির আলী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তাঁর ছোট ছেলে মারুফ আহমদ ফোন করে মাছুমের মৃত্যুর খবর জানান। তবে, কী কারণে তাঁর ছেলেকে হ ত্যা করা হয়েছে, সে বিষয়ে তাঁরা এখনো কিছু জানতে পারেননি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাছুম আহমদের দুই ভাই ও দুই বোনও যুক্তরাজ্যে স্থায়ীভাবে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।



