বিয়ে করলেন সেই প্রবাসী, খাবারে পেলেন আস্ত খাসি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে বড় থালায় (খদরে) আস্ত খাসি না পেয়ে বিয়ে ভেঙে ভাইরাল সেই প্রবাসী যুবক বিয়ে করেছেন। এবার বিয়েতে বরের পাতে আস্ত খাসির কোনো ঘাটতি ছিল না। বরের বিশেষ খাবারে খাসি পরিবেশনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার রাত ১টার দিকে প্রবাসী জুনায়েদ মিয়া নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। ওই দিন দিবাগত রাত ১১টার দিকে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

কনে জান্নাত আক্তার আখাউড়ার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানা গেছে।

ফেসবুক পোস্টে জুনায়েদ লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবার কাছে দোয়া ও শান্তিময়, সুখী দাম্পত্য জীবনের কামনা করছি।’

বরের ছোট ভাই পারভেজ বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা। দুই পরিবারের সম্মতিতে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এর আগে গত সোমবার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে বড় থালায় (খদরে) খাসি না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বিয়ে না করেই ফিরে এসেছিলেন জাপান প্রবাসী বর জুনায়েদ মিয়া। উপজেলার তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:২৭
  • ৭:৪৪
  • ৫:২৮