দীর্ঘ অপেক্ষার পর সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন আয়োজনের তফসিল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার বিকালে চেম্বার অব কমার্সের হলরুমে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
দুই বছর মেয়াদি পরিচালনা পর্ষদে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি এবং ২৪ জন পরিচালকসহ মোট ২৭টি পদে নির্বাচন হবে। এর মধ্যে অর্ডিনারি শ্রেণিতে ১১ জন, অ্যাসোসিয়েট শ্রেণিতে ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে ৩ জন পরিচালক নির্বাচিত হবেন। নির্বাচনী তফসিল অনুযায়ী ১৩ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ওই তালিকার বিষয়ে আপত্তি থাকলে ১৫ সেপ্টেম্বর বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনি আপিল বোর্ডের কাছে আপত্তি দাখিল করা যাবে এবং ১৭ সেপ্টেম্বর এসব আপত্তি শুনানি ও নিষ্পত্তি করা হবে। ২০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। একই দিন থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।
৩ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্রের বিষয়ে আপত্তি থাকলে ৬ অক্টোবর পর্যন্ত নির্বাচন আপিল বোর্ডের কাছে তা দাখিল করা যাবে এবং ১০ অক্টোবর এসব আপত্তির শুনানি ও নিষ্পত্তি হবে। ১১ অক্টোবর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর ১৫ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।
প্রার্থিতা প্রত্যাহারের পর একই দিন বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী ৫ নভেম্বর সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। ফলাফলের বিরুদ্ধে ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত নির্বাচনি আপিল বোর্ডের কাছে আপত্তি দাখিল করা যাবে। ৯ নভেম্বর আপিলের শুনানি ও নিষ্পত্তির পর ১০ নভেম্বর নির্বাচনি বোর্ড চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।
নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে ২ লাখ টাকা, সিনিয়র সহ-সভাপতি পদে ১ লাখ ৫০ হাজার টাকা, সহ-সভাপতি পদে ১ লাখ টাকা এবং পরিচালক পদে ৫০ হাজার টাকা। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ৫ হাজার টাকা। নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিল করতে প্রত্যেক প্রার্থীকে ২০ হাজার টাকা আপিল ফি দিতে হবে, যা অফেরতযোগ্য। নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে সিলেট নগরীর ইউনাইটেড কমিউনিটি সেন্টার, শাহী ঈদগাহ।
তফসিলে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় ক্ষেত্রে নির্বাচনি বোর্ড নির্বাচনী তফসিল পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করতে পারবে। নির্বাচনি কার্যক্রম বাণিজ্য সংগঠন আইন-২০২২ এবং বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫-এর বিধান অনুযায়ী পরিচালিত হবে।
উল্লেখ্য, সিলেট চেম্বারের নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ছিল এবং এর আগে ২০২৫ সালের নির্বাচনও স্থগিত হয়েছিল। এবার নতুন তফসিল ঘোষণার ফলে সেই অনিশ্চয়তা কাটিয়ে নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।



