উপজেলার ভূকশিমইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী,তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সিরাজুল ইসলাম রাজনের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে ভূকশিমইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ বাদশা’র বাড়িতে ঐক্যবদ্ধ ভূকশিমইলবাসী এ মতিবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময়সভায় চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন তার বক্তব্যে ভূকশিমইল ইউনিয়নকে একটি উন্নত, শিক্ষাবান্ধব, আধুনিক ও মডেল ইউনিয়নে রুপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইউনিয়নবাসীর মৌলিক অধিকার সুনিশ্চিতকরণ, স্বচ্ছতাবৃদ্ধি এবং আধুনিক নাগরিক সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে একটি উন্নত ও আদর্শ মডেল ইউনিয়ন গঠনে আমি নিরলসভাবে কাজ করে যাবো। আমি এই এলাকার মানুষের উন্নয়নের জন্য সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজ উদ্দিন আহমদ বাদশার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। আমার কাছে দল, মত নির্বিশেষে সবাই সমান। আমি আপনাদের ভালোবাসার কাছে চিরঋণী। এলাকার মানুষের খেদমত করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমার রাজনীতি ব্যক্তিগত জন্য নয়, মানুষের জন্য রাজনীতি। আমৃত্যু এলাকার মানুষের জন্য আমি কাজ করে যাবো।
তিনি বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমি জনপ্রতিনিধি হতে আসিনি। আমি আপনাদের খেদমত করতে এসেছি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কুলাউড়ার সংসদ সদস্য শওকতুল ইসলাম মহোদয় কুলাউড়ার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমিও উনার সহযোগিতায় আমার ইউনিয়নে নানাবিধ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। আমি উনার কাছে এলাকার উন্নয়নের জন্য যখন যে আবদার করেছি সেটা তিনি পূরণ করেছেন।
তিনি আরো বলেন, আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী। এই দলের জন্য আমি অনেক হামলা-মামলার শিকার হয়েছি। এমনকি জেলও খেটেছি। স্থানীয় নির্বাচনে এক দলের ভোটে নির্বাচিত হওয়া যায়না। সর্বদলীয় ভোটে নির্বাচিত হতে হবে। আমি আশা করছি, বিগত সময়ের আন্দোলনে আমার ভূমিকা বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দিবে। আমার স্বপ্ন আমি এই ইউনিয়নের একজন খাদিম হবো। আমি বিশ্বাস করি, এলাকার সর্বস্তরের লোক যদি চান আমাকে আপনাদের একজন পাহারাদার নির্বাচিত করার তাহলে সবার সহযোগিতায় আমি পাহারাদার হবো। আমি পাহারাদার নির্বাচিত হলে আপনারা দরজা খুলে শান্তিতে ঘুমাবেন। আমি পাহারা দিব ইউনিয়নকে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার দ্বারা এলাকার মানুষের কোন ক্ষতি হবেনা। ৫ আগস্টের পর এলাকার বিভিন্ন পর্যায়ের লোক যখন যে প্রয়োজনে আমার কাছে গিয়েছেন আমি সাধ্যমত চেষ্টা করেছি তাদের সহযোগিতা করার।
মতবিনিময় সভায় সমাজসেবক আব্দুর রফিকের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সাঈদ হোসেন আফজলের পরিচালনায় আরো বক্তব্য দেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুক্তার, সমাজসেবক মাসুক মিয়া, মানিক মিয়া, আব্দুল আহাদ, লেবু মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, বিএনপি মানিক মিয়া, ছমছ উদ্দিন, রহম আলী, আকুল মিয়া, ইউনিয়ন আল-ইসলাহ সভাপতি আকমল হোসেন, ইউপি সদস্য শেখ জিয়াউর রহমান মিন্টু, আমির হোসেন। এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন খায়রুল ইসলাম, আব্দুস সালাম, আকমল হোসেন, জানু মিয়া, বাতির মিয়া, সাইস্তা মিয়া, আজন মিয়া, তৈমুছ আলী, ফয়াজ আহমদ, চক মসজিদের ইমাম বাতির আলী, জেবুল আহমদ, আছকির মিয়া, কয়েছ আহমদ বটলাই, রমাকান্ত বিশ্বাস, গুড়াই দাস প্রমুখ।
উল্লেখ্য, সিরাজুল ইসলাম রাজন বর্তমানে পৌর যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও পৌর ছাত্রদলের সাবেক আহবায়কের দায়িত্ব পালন করেন।



