শেখ হাসিনা সরকারের আমলে ঋণ করে দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতে যে ক্ষতি করা হয়েছে, আগামী দুই বছরের মধ্যেও তা পুরোপুরি সামাল দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।
মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মতবিনিময় সভায় নাসের রহমান বলেন, বিগত সরকারের সময়ে ঋণ করে দেশের অর্থনীতিতে যে চাপ তৈরি করা হয়েছে, তার প্রভাব দীর্ঘদিন বহন করতে হবে। অর্থনীতি ও বিভিন্ন খাতে যে সংকট তৈরি হয়েছে,তা কাটিয়ে উঠতে সময় প্রয়োজন। অতীতের অনিয়ম, অব্যবস্থাপনা ও ভুল সিদ্ধান্তের কারণে যে ক্ষতি হয়েছে,তা রাতারাতি সমাধান করা সম্ভব নয়।
তিনি বলেন দেশকে এগিয়ে নিতে হলে জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। বিদ্যমান অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশের মানুষের আস্থা ফিরিয়ে এনে অর্থনীতি পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
জনগণের কথা শুনলেন নাসের রহমান মতবিনিময় সভায় মৌলভীবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের এলাকার সমস্যা, অভিযোগ, প্রয়োজন ও প্রত্যাশার কথা তুলে ধরেন। কেউ স্থানীয় উন্নয়ন,কেউ নাগরিক সেবা, আবার কেউ বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক সমস্যা নিয়ে কথা বলেন।
এ সময় এম নাসের রহমান উপস্থিত মানুষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। বিভিন্ন সমস্যা ও অভিযোগের বিষয়ে তিনি লিখিত আবেদনও গ্রহণ করেন।
সভায় উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা জানার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ও উপজেলা বিএনপির স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক পরিস্থিতি, জনগণের সমস্যা ও প্রত্যাশা এবং ভবিষ্যতে সেগুলোর সমাধানে করণীয় নিয়ে আলোচনা হয়।
নাসের রহমান বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমেই মানুষের প্রকৃত সমস্যা জানা সম্ভব। তাই সাধারণ মানুষের কথা শুনে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে।
আমারসিলেট/হা



