মৌলভীবাজারে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা ও শহর শাখা। বুধবার (২৬ আগস্ট) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা ও শহর শাখার যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার শহর শাখার সভাপতি কাজী দাইয়ান আহমদের সভাপতিত্বে এবং জেলা শাখার সভাপতি এম. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা বলেন বাংলাদেশে অনেকগুলো সংকট রয়েছে। এর মধ্যে একটি বড় সংকট হচ্ছে মেধাবীদের যথাযথ মূল্যায়ন না করা। আমরা সবসময় দেখে এসেছি, কীভাবে মেধাবীদের এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ করার চেষ্টা করা হয়। এ কারণেই দুই বছর আগে আমাদের কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জীবন দিতে হয়েছে, অসংখ্য মানুষকে রাজপথে নামতে হয়েছে।
তিনি আরও বলেন, আমরা ভেবেছিলাম এত বড় একটি আন্দোলনের পর দেশে বড় ধরনের পরিবর্তন আসবে। কিন্তু কয়েক দিন আগে একটি মন্ত্রণালয়ে পেপার লিকের ঘটনা আমরা দেখলাম। বাংলাদেশে বেকারত্ব একটি বড় সমস্যা। শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে চাকরির জন্য অপেক্ষা করছে। এমন পরিস্থিতিতে নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে কোনো কমিটির মাধ্যমে কারা চাকরি পাবে, কারা পাবে না—এ ধরনের প্রক্রিয়ার আলোচনা অত্যন্ত উদ্বেগজনক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও শাবিপ্রবি সভাপতি মাসুদ রানা তুহিন, মৌলভীবাজার শহর শিবিরের সাবেক সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী, সাবেক মৌলভীবাজার শহর ও জেলা সভাপতি আব্দুল মুমিত সহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৪০০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে ছাত্রশিবিরের জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও কৃতি শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।



