সিলেটের জাফলংয়ে প্রকৃতি ও শিল্পের মেলবন্ধনে তিনদিনব্যাপী ‘জলরঙে জাফলং’ শিরোনামে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আর্ট গ্রুপ চিত্রায়ণ এ ক্যাম্পের আয়োজন করে।
সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ের মনোমুগ্ধকর পাহাড়, নদী, পাথর, সবুজ প্রকৃতি ও গ্রামীণ জীবনকে জলরঙের তুলিতে ক্যানভাসে ফুটিয়ে তুলতে এ আয়োজনে অংশ নেন দেশের প্রখ্যাত চিত্রশিল্পী ও ট্রেইনার সোহাগ পারভেজ, কাওসার হোসাইন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন চিত্রায়ণ এর অর্গানাইজার আফসানা সিদ্দিকা সূচী, আজাদ আলাউদ্দিন আজাদ, কে.এম ইকবাল, রেজওয়ানা ইসলাম, টিনা আক্তার লিলি, রওশান নিলা, মারজানা আক্তার তানিয়া, স্বর্না ঘোষ, ইমরান সাইফুল, মো: তারিক খান, এ বি এম সাইফুল ইসলাম, জাকিয়া জাহান প্রভা, এম এ আহাদ পলাশ, এম জে কিবরিয়া, বিশ্বদিপ মোদক আনন্দ, মো: রেজওয়ান মিয়া, মো: নয়ন শেখ, সৈয়দ নাজমুল হক, হোসেন মিয়া।
দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা।
তিনদিনব্যাপী এ ক্যাম্পে জাফলংয়ের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য সরেজমিনে পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে ছবি আঁকেন। প্রকৃতির রং, আলো-ছায়া ও নৈসর্গিক সৌন্দর্য শিল্পীদের তুলির আঁচড়ে ক্যানভাসে নতুন মাত্রা পায়।
আয়োজকরা জানান, প্রকৃতির সঙ্গে শিল্পীদের নিবিড় সম্পর্ক তৈরি করা এবং জাফলংয়ের অপরূপ সৌন্দর্যকে চিত্রকলার মাধ্যমে তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করাও এ ক্যাম্পের অন্যতম লক্ষ্য।
ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীরা জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশে সরাসরি বসে ছবি আঁকার অভিজ্ঞতাকে আনন্দদায়ক ও অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন। তাঁদের মতে, প্রকৃতির সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করে তা ক্যানভাসে তুলে ধরার সুযোগ শিল্পীদের সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করে।
আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থানে এ ধরনের শিল্পকর্মশালা আয়োজনের মাধ্যমে শিল্পচর্চার প্রসার ঘটবে এবং বাংলাদেশের বৈচিত্র্যময় প্রকৃতি চিত্রকলার মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হবে।
আমারসিলেট/হা



