নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে সিলেটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতায় কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের ব্যবস্থা রয়েছে। সাধারণ, কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা যুক্ত হতে পারবেন। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্যও সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান নজরুলের বহুমুখী প্রতিভার কথা তুলে ধরেন। তিনি বলেন, নজরুল ছিলেন অসাম্প্রদায়িক এবং মানবতাবাদী চিন্তাধারার অধিকারী। বিদ্রোহ ও সাম্যের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির চেতনা তিনি তার সাহিত্য ও সংগীতে তুলে ধরেছেন।

কমিশনার বলেন, পূজার গান থেকে গজল, বৈচিত্র্যময় ধারায় নজরুলের সৃষ্টি বাঙালির সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। এই কারণেই তার চিন্তাভাবনা প্রতিটি যুগে এবং সর্বত্র প্রাসঙ্গিক থাকে। নজরুলের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই প্রতিযোগিতার লক্ষ্য।

জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীপঙ্কর বিশ্বাস, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারূল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *