সিলেটের জৈন্তাপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার ঘিলাতৈল ফুলবাড়ি ব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের মিলন খান (৩০) ও তার স্ত্রী শীমা খানম (২৩); যশোরের অভয়নগর উপজেলার বাসুয়ালী গ্রামের আহাদ শেখ (৩১) ও তার স্ত্রী রেশমা পারভীন (৩৪); নড়াইলের কালিয়া উপজেলার পোড়লী গ্রামের রিনা খাতুন (৩৮), আমরিল ভাঙ্গা গ্রামের মোছা. চুমকি খাতুন (৩০) ও তার পুত্র নূর মোহাম্মদ (১২) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চর কালনা গ্রামের মোছা. মিনা খাতুন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঘিলাতৈল ফুলবাড়ি ব্রিজ এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।



