বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং বৈদেশিক বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া, ইনক। ১ সেপ্টেম্বর সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাধারণ সম্পাদক লায়েক আহমেদ ও সহযোগিতা করেন এক্সিকিউটিভ মেম্বার বদরুল আলম মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, লস এঞ্জেলেস-এর মাননীয় কনসাল জেনারেল কাজী জাবেদ ইকবাল, বিশিষ্ট শিল্পপতি ও কেপিসি গ্রুপের চেয়ারম্যান কালী প্রদীপ চৌধুরী এবং এলএইচসিএম গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত থেকে মাননীয় মন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশের বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি কমিউনিটির ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।



