সিলেটে হামে একদিন পর ফের দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ৫০০ ছুঁই ছুঁই

সিলেটে হামে একদিন পর ফের দুই  শিশুর মৃত্যু, হাসপাতালে ৫০০ ছুঁই ছুঁই

একদিন মৃত্যুহীন থাকার পর সিলেটে ফের হামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়। একই সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও আরও ১১৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৬ জন সন্দেহজনক হাম রোগী।

শনিবার (৫ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যূবরণকারী ৯ মাস বয়সী শিশু আফরা সিলেট সদর উপজেলার এবং একই হাসপাতালে মৃত্যুবরণকারী ৮ মাস বয়সী সাফওয়ান সিলেটের বিশ^নাথ উপজেলার বাসিন্দা। একই সময়ে হাম উপসর্গ নিয়ে নতুন ভর্তি হওয়া ১১৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ২ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, হবিগঞ্জের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৮ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪ জন রয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৪৯৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ৫ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, গোলাপগঞ্জে ১০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৯ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪২ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।

এদিকে, নতুন করে দুই শিশুর মৃত্যু হওয়ায় চলতি বছরে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৪৭ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সিলেটে ৬৬, হবিগঞ্জে ২২, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৯ জনের মৃত্যু হয়েছে।

একদিন মৃত্যুহীন থাকার পর ফের দুই শিশুর মৃত্যু এবং একদিনে ১১৯ জনের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় সিলেটে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩