আফজাল হোসেন রুমেল:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে সৃজয়ী দাস নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার পূর্ব লঘাটি গ্রামে এ ঘটনা ঘটে। সৃজয়ী দাস ওই গ্রামের শাওন দাসের মেয়ে। তিনি পরিবারের একমাত্র কন্যাশিশু ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, সোমবার বেলা ১১টার
দিকে সৃজয়ী বাড়িতে খেলছিল। এ সময় তার মা রান্নাঘরে এবং বাবা শাওন দাস বাথরুমে ছিলেন। কিছুক্ষণ পর বাবা ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে পানিতে পাওয়া যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।



