কমলগঞ্জে দুই খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

কমলগঞ্জে দুই খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে শমসেরনগর এলাকার আলীবাবা রেস্টুরেন্টে প্রয়োজনীয় রেস্তোরাঁ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, বিএসটিআই লাইসেন্স ব্যতীত দইসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন,খাদ্যে বিভিন্ন রং ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় লেবেল না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের মতো বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

এছাড়া রেস্টুরেন্টটিতে মাছির উপদ্রব,খোলা খাবারে মাছি বসা,বাসি ভাত ও তরকারি সংরক্ষণ, কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একই ফ্রিজে রাখা, বিষ্ঠাসহ ডিম সিদ্ধ করা এবং ঢাকনাবিহীন পাত্রে খাবার সংরক্ষণের মতো গুরুতর অনিয়মও পরিলক্ষিত হয়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অপরদিকে, একই অভিযানে সিমা আইস্ক্রিম ফ্যাক্টরিতে বিএসটিআই লাইসেন্স ছাড়া আইস্ক্রিম উৎপাদন,কাপড়ে ব্যবহৃত রং ও বিভিন্ন প্রিজারভেটিভ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উৎপাদনস্থলে টয়লেটে ব্যবহৃত বদনা পাওয়া, প্রয়োজনীয় লেবেল না থাকা এবং প্যাকেটে উল্লেখিত উপাদানের যথাযথ তথ্য ও প্রমাণ প্রদর্শনে ব্যর্থতার বিষয়টি ধরা পড়ে।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৫২ ও ৫৩ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ নিয়ে পৃথক ২টি মামলায় সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অভিযানকালে নিরাপদ খাদ্য অফিসারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫