সিলেটে একদিন মৃত্যুহীন থাকার পর ফের হামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। এক শিশুর মৃত্যুতে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হাম-উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৯ জন সন্দেহজনক হাম রোগী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩৮ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৭১ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ৩, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৪৯৯ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৪ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৮ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ৩৬ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৬ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩০ জন চিকিৎসাধিন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেটে ৩৭৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী ৪ মাস ২১ দিন বয়সী শিশু মিম তাহসিন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। আরো ১ শিশুর মৃত্যুতে চলতি বছরে হাম ও হাম-উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬০ জনে। এর মধ্যে ১৫০ জন সন্দেহজনক হাম রোগে এবং ১০ জন নিশ্চিত হাম রোগে মারা গেছেন।
জেলাভিত্তিক হিসাবে সিলেটে সন্দেহজনক হাম রোগে ৬১ ও নিশ্চিত হাম রোগে ৪ জনসহ মোট ৬৫ জন, হবিগঞ্জে ১৮ ও ৪ জনসহ ২২ জন, মৌলভীবাজারে ১৬ ও ১ জনসহ ১৭ জন এবং সুনামগঞ্জে ৫৫ ও ১ জনসহ ৫৬ জনের মৃত্যু হয়েছে।
একদিন মৃত্যুহীন থাকার পর ফের মৃত্যু এবং একই সময়ে ১৫৩ জনের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় সিলেটে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। নতুন নিশ্চিত রোগী শনাক্ত না হলেও বিপুলসংখ্যক সন্দেহজনক রোগীর চাপ অব্যাহত রয়েছে হাসপাতালগুলোতে।



