হঠাৎ আলোচিত সিলেটি এই ধনকুবের কে?

একজন ধনকুবেরের নাম আবার আলোচনায় উঠে এসেছে। বাংলাদেশ বললে ভুল হবে, তিনি বিশ্বের শীর্ষ ধনকুবেরদের একজন। বাংলাদেশে বিনিয়োগে তার আগ্রহের কমতি নেই। কয়েকদিন আগে প্রবাসি সিলেটিরা তাকে সাগ্রহে বরণ করে নেন যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে। আলোচিত এই ধনকুবেরের নাম ড. কালী প্রদীপ চৌধুরী। ড. কেপিসি হিসেবে তিনি বিশ্বব্যাপী পরিচিত। তিনি সিলেটের গর্বিত সন্তান। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে জন্ম গ্রহণ করেছেন তিনি।

২০১৪ সালে ড. কেপিসি আইফেল টাওয়ার, বুর্জ খলিফা, পেট্রোনাস টুইন টাওয়ার-এর মতো বাংলাদেশে একটি ১৪২ তলা আইকন টাওয়ার বানানোর প্রস্তাব দেন সাবেক অর্থমন্ত্রী এমএ মুহিতের কাছে। টাওয়ারটি নির্মিত হলে এটি বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার হিসেবে পরিচিতি পাবে। বিষয়টি ব্যাপক আলোচিত হয় মানুষের মুখে মুখে।

ড. কেপিসির বাবা ছিলেন জমিদার কালি প্রসন্ন দত্ত চৌধুরী। এমসি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করে পরবর্তীতে ভর্তি হন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে। পেশায় একজন দক্ষ সার্জন হলেও তিনি নিজেকে বিশ্বের একজন শীর্ষ শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠিত করে নিয়েছেন।

পরিবারের দ্বিমত স্বত্ত্বেও পকেটে মাত্র ৮ ডলার গুজে নিয়ে উদ্যেক্তা হবার পথে হাঁটা শুরু করেছিলেন শিল্পপতি কালী প্রদীপ। ডাক্তার হিসাবে তার সুনাম ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রশাসনের নামকরা ব্যক্তিরা আসতেন তার চিকিৎসা সেবা নিতে। তখনি চ্যালেঞ্জ নিয়ে খুলে বসেন একটি হেলথ কেয়ার যা তার ভাগ্যের চাকা খুলে দেয়। এরপর পেছনে তাকাতে হয়নি, তিনি এখন কেপিসি গ্রুপের চেয়ারম্যান, ২৫ টি খাতে রয়েছে ব্যবসা। ব্রিটেন, আরব আমিরাত এবং ভারতসহ ৮ দেশে বিস্তৃত রয়েছে তার ব্যবসা। শুধু ভারতে রয়েছে তার ১৬ টি চা বাগান, ইউক্রেনে আছে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর আর আমিরাতে রয়েছে সাত তারকা হোটেল।

নিজের বসবাস করা ক্যালিফোর্নিয়ায় অসংখ্য শহর গড়ে তুলেছেন, ব্রিটেনে বাকিংহাম প্যালেসের কাছে গ্রীন টাউন নামের একটি প্রকল্পের কাজ চালু রেখেছেন কালী প্রদীপ। স্বপ্ন, প্রতিজ্ঞা আর কঠোর পরিশ্রম দিয়ে অল্প থেকে বড় কিছু করা যায়- সেটার উদাহরণ তৈরি করেছেন সিলেটের এই গর্ব।

১ সেপ্টেম্বর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনার আয়োজন করে প্রবাসী সিলেটিদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া ইনক. (জেএসি)। অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম কেপিসি গ্রুপের চেয়ারম্যান কালী প্রদীপ চৌধুরীর কাছে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভবন নির্মাণে সহযোগিতার আহ্বান জানান। এসময় উপস্থিত অন্যরাও এ উদ্যোগে সহযোগিতার আহ্বান জানান। কালী প্রদীপ সংগঠনের এই উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, নিজের জন্মভূমির জন্যও তার কিছু করার ইচ্ছা রয়েছে।

এরপর আরিফুল হক চৌধুরী তাকে বাংলাদেশে একটি হাসপাতাল নির্মাণের আহ্বান জানান। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। কালী প্রদীপ চৌধুরীও বাংলাদেশে হাসপাতাল নির্মাণে নিজের আগ্রহের কথা জানান। সিলেট প্রসঙ্গে তিনি বলেন, সিলেটের মানুষের সঙ্গে তার সম্পর্ক গভীর এবং সিলেটিদের জন্য কিছু করতে তিনি আগ্রহী।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫