জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল সিলেট জজকোর্ট জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন।
শুক্রবার জুমার নামাজ শেষে তিনি মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত বিজ্ঞ বিচারক, আইনজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণার কার্যক্রমে অংশ নেন।
নামাজ ও মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল বলেন, সিলেট নগরবাসীর প্রত্যাশা ও নাগরিক সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব নগরী গড়ে তুলতে চাই। জনগণের কাছে গিয়ে তাদের কথা শুনছি এবং তাদের প্রত্যাশা ও সমস্যাগুলো জানার চেষ্টা করছি। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে নগরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”
তিনি আরও বলেন, “নগর উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। সিলেটের নাগরিকদের জীবনযাত্রা আরও সহজ ও সুন্দর করতে নাগরিক সেবার মানোন্নয়ন এবং নগরীর বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধানে গুরুত্ব দিতে চাই। জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে একটি সুন্দর, পরিকল্পিত ও বাসযোগ্য সিলেট গড়ে তোলাই আমার লক্ষ্য।”
ব্রিফিংয়ে তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন, নগর উন্নয়ন, নাগরিক সেবাসহ বিভিন্ন বিষয়ে তার পরিকল্পনা ও অবস্থান তুলে ধরেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুস্তান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিজাম উদ্দিন, সদস্য প্রিন্সিপাল আব্দুর রহমান, এয়ারপোর্ট থানা কমিটির যুগ্ম সদস্য সচিব রেজাউল কবির সুয়েব, দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা কমিটির রুমন, যুবশক্তির আবিদ রাফিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে জজকোর্ট জামে মসজিদে জুমার নামাজে বিপুলসংখ্যক মুসল্লির পাশাপাশি সিলেটের বিজ্ঞ বিচারক ও আইনজীবীরাও উপস্থিত ছিলেন।



