মৌলভীবাজার প্রতিনিধি :
নারীদের ঘরের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে নিজেদের প্রতিষ্ঠিত করে দেশ গঠনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও এম নাসের রহমান এমপির সহর্ধমিনী রেজিনা নাসের। তিনি বলেন নারীরা এখন বিভিন্ন পেশায় কাজ করছেন। নিজেদের প্রতিষ্ঠিত করে দেশ পরিচালনাতেও নারীদের ভূমিকা রাখা প্রয়োজন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ সেপ্টেম্বর বিকেলে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তার নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
রেজিনা নাসের বলেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম জন্মবার্ষিকী। এ জন্মবার্ষিকীতে আমরা মহিলা দল মৌলভীবাজার জেলার সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমাদের বাংলাদেশের ৫০ শতাংশের বেশি মহিলা। সে জন্য আমাদের মহিলারা শুধু ঘরে বসা মা-বোন না, তারা কাজ করছে, বিভিন্ন পেশায় আছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রীও মরহুমা বেগম খালেদা জিয়া মহিলা ছিলেন। তো আমাদের মহিলাদের সম্মান কিন্তু অনেক ওপরে। এই জন্য আশা করব যে মহিলারাও এভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশ চালাতেও সবাইকে সাহায্য করবেন। এবং আমাদের নারীদের সবার সহায়তায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার মাধ্যমে আমরা সুন্দর নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ডা. দিলশাদ পারভীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্রধর।
সভাপতির বক্তব্যে ডা. দিলশাদ পারভীন বলেন, আজকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে আমরা মৌলভীবাজার মহিলা দলের সবাই একত্রিত হয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর এ দলটি গঠন করেছিলেন, যাতে মহিলারাও সমাজের সব কাজে নিজের জায়গা করে নিতে পারে এবং সমাজের সর্বস্তরে এগিয়ে যেতে পারে। মহিলারা যাতে পুরুষের পাশাপাশি দেশের অগ্রগতিতে সাহায্য করতে পারে,এজন্য তিনি দলটি প্রতিষ্ঠা করেছিলেন। মহিলার ক্ষমতায়ন এবং সমাজে অধিকার ও ক্ষমতা ভোগ করার জন্য।
জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুফিয়া সুলেমান কালী বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। এরপর থেকে ধারাবাহিকভাবে মহিলারা রাজপথে আছেন। জাতিগঠনে কাজ করে যাচ্ছেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্রধর বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা মহিলা দল সাধ্যমতো রাজপথে ছিলাম। আন্দোলন-সংগ্রাম করেছি। দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পর থেকেই তিনি কিন্তু আমাদের নারীদের নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন।
অ্যাডভোকেট আমিনা আক্তার ডলি বলেন “বিগত ১৭ বছরে আওয়ামী দুঃশাসনে মহিলা দল যেভাবে ভূমিকা পালন করেছে, সেটা গোটা বিশ্বে জানে মহিলা দলের ভূমিকা। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



