কানাইঘাটের ছেলে বিশ্বসেরা হাফেজ, কাতারে চ্যাম্পিয়ন কামরুজ জামান

কানাইঘাটের ছেলে বিশ্বসেরা হাফেজ, কাতারে চ্যাম্পিয়ন কামরুজ জামান

কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন সিলেটের কানাইঘাট উপজেলার গর্বিত সন্তান হাফেজ কামরুজ জামান কামিল।

সিলেটের আল মাহাদুল আরাবি আল আলামি মারকায মাদিনাতুস সালামের এই কৃতি শিক্ষার্থী বাংলাদেশের জন্য গৌরবজনক সাফল্য নিয়ে আসায় পরিবার, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালপাড় পশ্চিম গ্রামের মরহুম হাফিজ আব্দুল মতিনের গর্বিত ছেলে হাফিজ কামরুজ জামান কামিলের মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক অঙ্গনে চ্যাম্পিয়ন হওয়ার এই অসাধারণ সাফল্যে ও অর্জনে বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে।

জানা যায়,হাফেজ কামরুজ জামান কামিল রাজাগঞ্জ পারকুলের জামেয়া আল-মুতলিব খয়রুন নেছা মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করে সিলেটের আল মাহাদুল আরাবি আল আলামি মারকায মাদিনাতুস সালাম মাদরাসায় জামেয়ায় ভর্তি হয়ে বর্তমানে ৮ম সমমান শ্রেনীতে লেখাপড়া করছেন৷ এই মাদরাসা থেকেই কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ হয়। সেখানে প্রায় ৪৬টি দেশের প্রায় তিন শতাধিক হাফেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং অনেকগুলো ধাপ অতিক্রম করে হাফেজ কামরুজ জামান কামিল সকলকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জনের খ্যাতি অর্জন করতে সক্ষম হন।

কাতার চ্যারিটির সহযোগিতায় ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চূড়ান্ত পর্বে আট দেশের ৩০ জন প্রতিযোগী অংশ নেন এবং কামরুজ জামান কামিল প্রথম স্থান অর্জন করেন।

তাঁর এই অর্জনের স্বীকৃতি স্বরুপ ১০ হাজার রিয়াল যা বাংলাদেশী মুদ্রায় ৩ লক্ষ ৩৫ হাজার টাকার পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

কৃতি হাফেজের এই সাফল্য কুরআন হিফজের ক্ষেত্রে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের অর্জন ভবিষ্যতে আরও শিক্ষার্থীকে পবিত্র কুরআন হিফজ ও কুরআনিক শিক্ষায় অনুপ্রাণিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭