নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ২০২৬-২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি করপোরেশনকে আবর্তক অনুদান হিসেবে বরাদ্দ দিয়েছে সরকার। ১৩ সেপ্টেম্বর (রবিবার) এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়।
বরাদ্দের মধ্যে সিলেট সিটি করপোরেশন (সিসিক) পেয়েছে সবচেয়ে কম বরাদ্ধ। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন পেয়েছে সর্বোচ্চ সাড়ে ৪ কোটি টাকা।
দেশের ১৩টি সিটি করপোরেশনের নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তায় মোট ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৩৯ লাখ টাকা।
বরাদ্দের তালিকায় গাজীপুর সিটি কর্পোরেশন ২ কোটি ২৮ লাখ, চট্টগ্রাম ২ কোটি, বগুড়া ১ কোটি ৭৫ লাখ এবং রাজশাহী ১ কোটি ২ লাখ টাকা পেয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ ৭৩ লাখ, বরিশাল ৭২ লাখ, ময়মনসিংহ ৬৫ লাখ, খুলনা ৬০ লাখ, কুমিল্লা ৫২ লাখ এবং রংপুর ৫২ লাখ টাকা পেয়েছে।
আদেশ অনুযায়ী, বরাদ্দ করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। পরবর্তী অর্থের বিভাজন অনুমোদনের সময় সংশ্লিষ্ট সিজিএ ও সিএও অফিসের সঙ্গে সংগতি সাধন করে চলতি অর্থবছরের ব্যয় বিবরণী দাখিল করতে হবে।



