সিলেট মহানগর বিএনপির নবগঠিত কমিটিতে পদ পাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় তিন প্রবাসী নেতার উপদেষ্টা পদ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
অব্যাহতি পাওয়া তিন প্রবাসী উপদেষ্টা হলেন— ফয়ছল আহমদ (যুক্তরাজ্য), সাইফুর হারুন (যুক্তরাষ্ট্র) ও মোহাম্মদ হুমায়ূন মিলাদ (যুক্তরাজ্য)।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় হাইকমান্ডের অনুমতি ছাড়াই এই তিন প্রবাসীকে মহানগর বিএনপির উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করায় দলের ভেতরে-বাইরে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়।
গত বুধবার অনুষ্ঠিত মহানগর বিএনপির এক সাংগঠনিক সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এই পদায়নের বিষয়ে প্রকাশ্য ক্ষোভ ও অসন্তোষ ব্যক্ত করেন। মূলত কেন্দ্রের কঠোর অবস্থানের কারণেই পরদিন তড়িঘড়ি করে তাদের পদ স্থগিতের সিদ্ধান্ত নেয় মহানগর কমিটি।
এই বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, ৫-৬ দিন আগে ওই তিন প্রবাসীকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছিল। তবে বিষয়টি পুরোপুরি সাংগঠনিক বিধি মোতাবেক না হওয়ায় দলীয় শৃঙ্খলার স্বার্থে আপাতত তাদের পদ স্থগিত করা হয়েছে।



