সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে সিলেটে মেহেদী আহমেদ (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে সিলেট কোতোয়ালী থানার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শিমুল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নগরীর নোয়াগাঁও সাদিপুর এলাকা থেকে তাকে নিজ বাসা থেকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেহেদী দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর ভাষায় নানা পোস্ট করে আসছিলেন। এছাড়া সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলে সক্রিয় অংশগ্রহণেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পুলিশ এই অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির চৌধুরী জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিলে
সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ফেসবুকে কটূক্তির বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে এবং আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়ে দায় স্বীকার করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে এ ধরনের আপত্তিকর পোস্ট ও অপপ্রচার রোধে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন?



