পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবনাদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ডিভাইন স্পেকট্রাম সাস্ট(ডিএসএস) এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। আয়োজনের অংশ হিসেবে ‘সীরাত নলেজ হান্ট ২০২৬’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফারুক মিয়ার সভাপতিত্বে এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. নুর হোসাইন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক, গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরাদ এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনযুর-উল-হায়দার।
আলোচনা পর্বের পর ‘সীরাত নলেজ হান্ট ২০২৬’ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন আয়োজক উপকমিটির যুগ্ম-আহ্বায়ক আ. ও. ম. ফোরকানুল গণি জিহান। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে নগদ ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা এবং চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীকে ১ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি প্রথম থেকে দশম স্থান অধিকারী প্রত্যেককে সনদপত্র ও বই উপহার দেওয়া হয়। এছাড়া অফলাইন ও অনলাইন ক্যাটাগরিতে প্রথম নিবন্ধনকারী দুজন এবং অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিশেষ বিবেচনায় আরও তিনজনকে পুরস্কৃত করা হয়।
এর আগে ডিএসএস-এর রিলিজিয়াস উইংয়ের পরিচালক ও আয়োজক উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ আনিস খানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর নাতে মোস্তফা (স.) পরিবেশন করেন রিহান রেজা এবং স্বাগত বক্তব্য দেন ডিএসএস-এর সভাপতি মো. মহিউল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পবিত্র কিয়াম ও দোয়া পরিচালনা করেন খাজা মঈনুদ্দিন আহমেদ জালালাবাদী। দোয়া শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও উপস্থিত অতিথিদের মাঝে বিশেষ তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



