শাবিপ্রবিতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রেড ওয়ারিয়র্স

শাবিপ্রবিতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রেড ওয়ারিয়র্স

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হল প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে রেড ওয়ারিয়র্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আলফা উলফসকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে দলটি।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সৈয়দ মুজতবা আলী হল মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগে বল গড়িয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ. ফ. ম. জাকারিয়া, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর উল হায়দার। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন ছাত্রদলের মো. আরফান উদ্দিন,

মিঠু সরকার, ইব্রাহিম খলিল নিয়ন, শেফায়তুল ইসলাম ও মাহাবুর হাসান সৌরভ।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শারীরিক সুস্থতা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। অ্যাকাডেমিক চর্চার পাশাপাশি এ ধরনের টুর্নামেন্ট ক্যাম্পাসে সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুন্দর ও সুষ্ঠুভাবে এই আয়োজন সফল করায় সৈয়দ মুজতবা আলী হল প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

 

ম্যাচের শুরুতে জয়সূচক গোলটি অর্জন করে রেড ওয়ারিয়র্স । শেষ পর্যন্ত গোল পরিশোধ করতে পারেনি আলফা উলফস। ফলে ১-০ ব্যবধানে পরাজয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

 

 

উল্লেখ্য, সৈয়দ মুজতবা আলী হলের আবাসিক শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত মোট ৮টি দল নিয়ে এই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টটি শেষ হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫