জীবন মানেই সংগ্রাম। সেটা দুঃখ দারিদ্র্য অসুস্থতা যে কোন পরিস্থিতির সাথেই হোক। ব্রেন টিউমার ও ক্যানসারের সঙ্গে দীর্ঘ ৯ মাসের কঠিন লড়াই শেষে ক্যামেরার সামনে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অসুস্থতার সেই দিনগুলোর কথা বলতে গিয়ে তিনি জানান, চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন ক্যানসার বিশেষজ্ঞ তাকে বলেছিলেন, তিনি হয়তো আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন। চিকিৎসকদের এমন আশঙ্কাজনক বার্তা পাওয়ার পর জীবনের সেই চরম কঠিন দিনগুলোর অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী। গত বছরের ডিসেম্বর মাসে শুটিং চলাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। প্রাথমিক অবস্থায় তীব্র মাথাব্যথা এবং বমির উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরবর্তীতে পরীক্ষার রিপোর্টে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। টিউমার শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার টিউমার অপসারণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে যান। সেখানে আরও একটি জটিল অস্ত্রোপচারসহ দীর্ঘ চিকিৎসা ও কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয় এই অভিনেত্রীকে।
সেখানকার কঠিন দিনগুলোর স্মৃতিচারণ করে তানিয়া বৃষ্টি জানান, চেন্নাইয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় একজন অনকোলজিস্ট বা ক্যানসার বিশেষজ্ঞ তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বলেছিলেন, তিনি হয়তো আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন। চিকিৎসকদের মুখে এই আকস্মিক পূর্বাভাস শুনে তিনি মানসিকভাবে চরম ভেঙে পড়েছিলেন এবং জীবনে প্রথম বড় ধরনের ধাক্কা খান।
তানিয়া জানান, কঠিন এই সময়ে তার পরিবার, বিশেষ করে মা ও বোনের রাত জেগে নিরলস সেবা এবং ভক্তদের দোয়া তাকে বেঁচে থাকার নতুন প্রেরণা জুগিয়েছে। পাশাপাশি নাট্যাঙ্গনের সহকর্মীরাও প্রতিনিয়ত তার খোঁজ নিয়েছেন। দীর্ঘ চিকিৎসা ও কঠোর বিশ্রামের দিনগুলো পার করে গত ৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান তিনি।
বাংলাদেশি নাটকের ইতিহাস / ‘দুনিয়া টাকার গোলাম’-এর ভিউ ছাড়াল ১০০ কোটি
৯ মাসের দীর্ঘ বিরতি কাটিয়ে তিনি ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নামের একটি একক নাটকের শুটিংয়ের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরেছেন। রোগের নাম শুনে মনোবল না হারিয়ে সঠিক চিকিৎসা ও দৃঢ় মানসিক শক্তি বজায় রাখলে যেকোনো কঠিন পরিস্থিতি জয় করা সম্ভব বলে মনে করেন এই অভিনেত্রী।
