সামাজিক ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল, সদস্যসচিব আসাদুজ্জামান মুন্না, যুগ্ম আহ্বায়ক রাহাত হাসান রাব্বী, ছাত্রদল নেতা আবুল হাসনাত রাহুল ও রাজু আহমেদসহ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে গুরুত্বপূর্ণভাবে জড়িত। তাই শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।
কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথা জানান ছাত্রদলের নেতারা।



