ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের সাবেক আইজিপি বেনজীর আহমদসহ দুর্নীতিবাজ বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বিপুল পরিমাণ অবৈধ অর্থ বিদেশে পাচার, অবৈধ ব্যবসাসহ নানা অপকর্মের অভিযোগে অভিযুক্ত ১১টি মামলার আসামি বহুল আলোচিত মৌলভীবাজারের বড়লেখার সেই সাইদুল ইসলামের বিরুদ্ধের অভিযোগের অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে দুদুক হবিগঞ্জ কার্যালয়।
দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে দুদকের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপ-পরিচালক মো. এরশাদ মিয়া অভিযোগগুলোর অনুসন্ধান কার্যক্রম শুরু করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) তার কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদানের জন্য অভিযোগকারি, ভুক্তভোগি ও অভিযুক্তকে তিনি নোটিশ প্রদান করেছেন।
ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় থাকা সাইদুল ইসলাম আত্মগোপন করেন। আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতায় অবশেষে ২০২৫ সালের ২১ এপ্রিল ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহায়তায় সিলেট উপশহর এলাকার নিজ বাসা থেকে বড়লেখা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের অবৈধ অর্থ বিদেশে পাচার, নানা অবৈধ ব্যবসাসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের অভিযোগে থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপ-পরিচালক মো. এরশাদ মিয়া সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে সাইদুল ইসলামের বিরুদ্ধের অভিযোগের অনুসন্ধান কার্যক্রমের দায়িত্ব পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, অনুসন্ধানের অংশ হিসেবে আগামি সোমবার সংশ্লিষ্টদের তার কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদানের জন্য চিঠি পাঠিয়েছেন।



