সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে মৌলভীবাজারে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম মামুন। তিনি সদর উপজেলার শাহাপুর গ্রামের নিজাম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে মামুন টিকটকে ভিডিও তৈরি করে তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ঘটনায় ৩ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় মৌলভীবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মামুনকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
মৌলভীবাজার সদর থানার (ওসি) সাইফুল ইসলাম বলেন ওই যুবকের গালিগালাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি আমরা জানতে পারি। এ ধরনের কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না।
গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালিগালাজ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। এর পেছনে কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। স্থানীয় সূত্রে জানা যায়, মামুনের বিরুদ্ধে এর আগে মৌলভীবাজার মডেল থানায় মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগও ছিল।
তবে আটক যুবকের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



