মৌলভীবাজারের কমলগঞ্জে নানা অনিয়মের দায়ে ৩টি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৪ অক্টোবর) উপজেলার লামাবাজার, স্টেশন রোড ও শমসেরনগর বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা এলপিজি সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠানে এ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। সার্বিক সহযোগিতায় ছিল শমসেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল।
অভিযানকালে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করা, পাকা ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে লামাবাজারের ওম ট্রেডার্সকে ৩ হাজার টাকা, স্টেশন রোডের চৌধুরী ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং সায়েম হার্ডওয়্যারকে ১৫ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান চলাকালে সিলিন্ডার বিক্রেতাদের দৃশ্যমান স্থানে সঠিক মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের পাকা ভাউচার সংরক্ষণ, নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি এবং কোনো অবস্থাতেই অবৈধ মজুত গড়ে তুলে কৃত্রিম সংকট তৈরি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।



