নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবনে টানাপোড়েন এবং বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে শোবিজে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের আলাদা থাকা নিয়ে নানা খবর প্রকাশিত হলেও বিষয়টি নিয়ে এখনো সরাসরি মুখ খোলেননি এই তারকা দম্পতি। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ ও গল্প বলা নিয়ে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন ফারুকী।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফারুকী লেখেন, “ঢেঁকি বুসান গিয়েও ধান ভেনেছে। এবং এখন আবার দেশে ফিরে রান্না বান্নায় মন দিয়েছে। গল্প বলার মতো এতো ঘোর আর কোনো কাজে পাই না বলেই গল্প বলি। বাই দ্য ওয়ে, পুরা দুনিয়াটাইতো একটা গল্প!”

পোস্টে চলচ্চিত্র ও গল্প বলার প্রতি নিজের অনুরাগের কথা তুলে ধরলেও তিশার সঙ্গে সম্পর্কের বর্তমান পরিস্থিতি কিংবা ছড়িয়ে পড়া বিচ্ছেদ গুঞ্জন নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি এই নির্মাতা।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে, বেশ কিছুদিন ধরে ফারুকী ও তিশার মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়েছে। এমনকি একমাত্র কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকীকে নিয়ে তিশা আলাদা থাকছেন বলেও গুঞ্জন রয়েছে। ঘনিষ্ঠজনদের বরাতে কিছু প্রতিবেদনে দাবি করা হয়, অস্ট্রেলিয়ায় কেনা একটি বাড়ি বিক্রি নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে; ফারুকী বাড়িটি বিক্রি করতে চাইলেও তাতে তিশার সম্মতি নেই। তবে এসব দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি।

ব্যক্তিগত জীবনের এই আলোচনার মধ্যেই তিশা নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফুলস্ক্রিন’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নাটক প্রযোজনার পাশাপাশি তাঁর প্রযোজিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ সম্প্রতি মুক্তি পেয়েছে। অন্যদিকে ফারুকীর সবশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ২০২৪ সালের ‘৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। এর পর নতুন কোনো চলচ্চিত্র নিয়ে তাঁকে পর্দায় দেখা যায়নি। তিশাও দীর্ঘদিন ধরে নিয়মিত অভিনয়ে অনিয়মিত।

উল্লেখ্য, কাজের সূত্রে পরিচয় থেকে প্রেমের সম্পর্কে জড়ান ফারুকী ও তিশা। পাঁচ বছরের সম্পর্কের পর ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০২২ সালে এই দম্পতির কোলজুড়ে আসে কন্যাসন্তান ইলহাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *