মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেসের ছাদ থেকে মো. রাজু মিয়া (৩৫) নামের এক যুবককে ধাক্কা দিয়ে গভীর বনে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।
রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাজু মিয়া সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে কালনী এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে ঢাকা থেকে সুনামগঞ্জের বাড়ি ফিরছিলেন রাজু। ট্রেনটি কমলগঞ্জের লাউয়াছড়া বনের বাঘমারা ক্যাম্প এলাকা অতিক্রম করার সময় ছাদে থাকা দুই ছিনতাইকারী তাঁর পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা রাজুর মোবাইল ফোন ও সঙ্গে থাকা মালামালের ব্যাগ ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাঁকে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। এতে তিনি ছিটকে বনের ভেতর পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।
ঘটনাটি দেখে মিজানুর রহমান নামের এক স্থানীয় বাসিন্দা তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বনের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় রাজুকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পরবর্তীতে উন্নত চিকিৎসা এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের জন্য তাঁকে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি চলন্ত ট্রেন ও রেললাইনের আওতাধীন এলাকায় ঘটায় আহত যুবককে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। রেলওয়ে পুলিশ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
