বড়লেখা প্রতিনিধি :


মৌলভীবাজার জেলা লিগ্যাল এইড কমিটির ২০১তম মাসিক সভা সোমবার ২৬ অক্টোবর বিকেলে বড়লেখা উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সমন্বয়ে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মুহাম্মদ রবিউল আউয়াল।


তিনি আইনগত সহায়তার জন্য প্রাপ্ত আবেদন ও আপোষ মীমাংসার দরখাস্ত নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় পূর্ববর্তী ২০০তম মাসিক সভায় গৃহীত সিদ্ধান্তসমুহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনাক্রমে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন দেওয়া হয়।


সভায় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিগুলোকে আরো সক্রিয় ও প্রান্তিক পর্যায়ের হতদরিদ্র মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতকে শক্তিশালী করার ওপর তাগিদ দেওয়া হয়েছে। গ্রাম আদালতে দায়েরকৃত মামলার বিবাদীদের নোটিশ প্রদানকালে মামলার কপি প্রদানের জন্য ইউপি চেয়ারম্যানদের পরামর্শ দেওয়া হয়েছে।


জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) লায়লা বানুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিচারপ্রার্থীদের আইন সহায়তা বিষয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল, সিনিয়র জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মো. কামরুল হাসান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালিদ হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক, বড়লেখা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, জেলা তথ্য কর্মকর্তা উজ্জল শীল, জেল সুপার মো. তরিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক হাবিবুর রহমান, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।


সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জয়নুল হক, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী,জিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ,স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বকসী জুবায়ের আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *