হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে শাশুড়িকে হত্যার দায়ে জামাতা মো. অলিউর রহমান অলিকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত অলিউর রহমান অলি মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৯ মে সকালে স্বর্ণালংকার কেনার কথা বলে শাশুড়ি জাহানারা বেগমকে বাড়ি থেকে নিয়ে যান জামাতা অলিউর রহমান অলি। এরপর থেকে নিখোঁজ ছিলেন জাহানারা বেগম।

এর তিন দিন পর, ১ জুন চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশে বেতবাগান থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে নিহতের ছেলে মো. মিজানুর রহমান মরদেহটি তার মা জাহানারা বেগমের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে জামাতা অলিউর রহমান অলির বিরুদ্ধে চুনারুঘাট থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ জানুয়ারি অলিউর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।

মামলার বিচারকাজে রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও জেরা শেষে বুধবার রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. গুলজার আহমেদ খান। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের হত্যা মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষ সক্রিয় ভূমিকা রাখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *