বাংলাদেশ থেকে টাকা পাচার করে কাতারের শীর্ষ ব্যবসায়ী বনে গেছেন বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আবদুল হান্নান। একই সঙ্গে সেখানে স্থায়ী বসবাসের অনুমতিও পেয়েছেন। কানাডা, দুবাই ও কাতারে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য মিলেছে। কাতারে রয়েছে ট্রাভেল চ্যানেল ও ট্যুরস নামে একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান।
নানা অভিযোগে সম্প্রতি কাতারে গ্রেপ্তার হয়েছেন বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আবদুল হান্নান। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সন্দেহজনক ব্যাংক লেনদেন ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গোয়েন্দা সূত্রে সংস্থাটি জানতে পারে, বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিয়ে গিয়ে সেই দেশে বিনিয়োগ করে শীর্ষ ব্যবসায়ীর তালিকায় উঠেছেন শেখ আবদুল হান্নান। গত বছরের ২৭ জুলাই শেখ আবদুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।
মামলার এজাহার অনুযায়ী, শেখ আবদুল হান্নান ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০০ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও রয়েছে। তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক লেনদেনের অভিযোগ রয়েছে।
